বিপিএলের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থেকে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তোলায় রেখেছেন অন্যতম বড় ভূমিকা রেখেছিলেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। জাতীয় দলে ডাক পাওয়াটা যেন অনেকটা প্রত্যাশিতই ছিলো। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেলেন এবার বিপিএলের তারকা তৌহিদ হৃদয়।
তবে হৃদয় একটু তাড়াতাড়ি জাতীয় দলে ডাক পেয়েছেন বলে মনে করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি মর্তুজা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘তৌহিদ হৃদয় ইজ ভেরি আর্লি স্টেজ। আমাকে যদি বলেন আমি হয়তো আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে। ভেরি আর্লি স্টেজ। আমি মনে করি সবাইকে মেনে নিতে হবে এখন। জাতীয় দলে গিয়ে একটা দেশের সেরা পাঁচজন বোলার থাকবে, আমি আশা করি না ও এসেই... ভালো খেললে আলহামদুলিল্লাহ। কিন্তু তৌহিদ হৃদয়ের কাছ থেকে আমাদের প্রত্যাশায় একটু লাগাম থাকা উচিত। ছেলেটাকে খুবই তাড়াতাড়ি নেওয়া হয়েছে। আমার কাছে এটাই মনে হয়।’
তিনি আরও বলেন, ‘এমন যেন না হয় যে দলে নিয়ে রান না পাওয়ায় দ্রুতই আবার বাদ দিয়ে ফেলা হয়। আমরা কেউ প্রশ্ন করি না, কেন আপনি একটি টুর্নামেন্ট দেখে নিচ্ছেন? আবার দুই ম্যাচ দেখে বাদ দিচ্ছেন। এ বিষয়গুলো দলে নেওয়ার সময়ও যেমন খেয়াল রাখতে হবে, বাদ দেওয়ার সময়ও খেয়াল রাখতে হবে। লিটনকে যেভাবে সেট করেছেন, শান্তকে যেভাবে করছেন। দেখেন, ওরা কিন্তু প্রচুর চাপ নেয়। আপনারাও লেখেন, আমরাও বাইরে থেকে বিভিন্ন কথা বলি। কিন্তু চাপটা শেষ অবধি কিন্তু ওই খেলোয়াড়ের ওপরই আসে।’
