বরিশালের গৌরনদীতে রাজু খান নামে এক কৃষকের ৫টি গরুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর শরিকল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাজু খান উপজেলার উত্তর শরিকল গ্রামের নুরে আলম খানের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য।
রাজু খান বলেন, শনিবার ভোরে অথবা শুক্রবার রাতের কোনো এক সময় গরুর খাবারে দুর্বৃত্তরা বিষ দিয়ে রাখে। শনিবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো খাবার খাওয়ানো হয়। এর মিনিট পাঁচেক পর ৫ গরু অসুস্থ হয়ে পড়ে। পশু চিকিৎসক আনার আগেই ৫টি গরু মারা যায়।
গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই একটি গাভি মারা যায়। পরে বাকি গরু মারা যায়। খাদ্যে বিষক্রিয়ার কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে। বিষের ধরণ জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। প্রতিবেদন আসলে বিস্তারিত জানানো হবে।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী বলেন, এ ঘটনায় কৃষক রাজু খান একটি সাধারণ ডায়েরি করেছেন। একইসঙ্গে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক দিয়ে গরুগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
