আগামী মাসের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড দল। আর আসন্ন এই সিরিজে নিজেকে ফিট রাখতে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ কয়েক ম্যাচ খেলার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
গতকাল শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমে এমন কথাই জানান তাসকিন। বলেন, ‘যেহেতু গুরুত্বপূর্ণ একটি সিরিজ। কয়েক ম্যাচের জন্য যদি প্রস্তাব আসে, কয়েক ম্যাচের জন্য গিয়ে যদি এই খেলা মিস করি, সেটা খারাপ দেখাবে। যেহেতু আমি একটা চোট কাটিয়ে উঠছি, তাই ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আক্ষেপ নেই।’
জানা গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের শেষ দিকে হালকা চোটে পড়েছিলেন তাসকিন। সেই চোট থেকে ফিট হয়ে ওমরাহ করে এসেছেন এই পেসার। এর মধ্যেই তাকে তিনটি ম্যাচে খেলার জন্য প্রস্তাব দিয়েছিল পিএসএলের দল মুলতান সুলতানস। তবে তা তাসকিন মানা করে দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘মুলতান সুলতানস থেকে অফার পেয়েছিলাম। তারা তিন ম্যাচের জন্য আমাকে চেয়েছিল। পরে ফিজিওর সঙ্গে কথা বললাম, সে বলল, তুমি ফিট আছ, তা-ও মনে হয় আরেকটু ট্রেনিং করলে ভালো হয়। যদি খেলো আর যদি লেগে যায়, তাহলে তো ইংল্যান্ড সিরিজটা মিস হবে। পরে ভাবলাম, তিন ম্যাচের জন্য গিয়ে কী আর হবে।’
তবে এবারই প্রথম নয়। তাসকিন জাতীয় দলের হয়ে খেলার জন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে এর আগেও একবার মানা করেছিল। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলে লক্ষনৌ সুপার জায়ান্টস থেকেও ডাক পেয়েছিলেন তাসকিন। তবে সেই সময় তাকে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর অবশ্য তাকে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সেই প্রসঙ্গে তাসকিন বলেন, ‘বোর্ড আমাকে সম্মানি দিয়েছিল। সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আসলে জাতীয় দলে খেলাটাই মূল লক্ষ্য। এখানে যদি ধারাবাহিকভাবে খেলতে পারি, আর ভালো করি, আজ হোক কাল হোক সুযোগ আসবে। দিন শেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করি।’
এদিকে তাসকিন না গেলেও পিএসএলে খেলছেন বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি খেলছেন পেশোয়ার জালমিতে। পেশোয়ার তাকে পাঁচ ম্যাচের জন্য দলে ভিড়িয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি তিনি শেষ ম্যাচ খেলে দেশে ফিরে যোগ দেবেন দলের সঙ্গে।
