১৯৭৩ সালের ৩ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের একমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারের সংস্কারসহ চত্ত্বর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে দোয়া-মোনাজাতের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্যে মেয়র বলেন, মুক্তিযুদ্ধ ও ভাষা শহীদদের চেতনা নতুন প্রজন্মের কাছে আমাদেরই পৌঁছে দিতে হবে। তা না হলে সে দায়ভার আমাদের ওপরই পড়বে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হলে আমাদের বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে।
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দেন তা আমাদের ফলো করতে হবে। তা হলেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এসএম ইকবাল, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল প্রমুখ।
