রাজধানীর গুলশান-২ এ আল-মানারাত স্কুলের পাশে ১২তলা ভবনের ৭ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দৈনিক ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রে ১৯টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত ওই ভবন থেকে ৩ নারীসহ ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
