রাজধানীর গুলশান ২-এ বহুতল ভবনে আগুনের ঘটনায় জেড. এইচ. শিকদার উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও সংকটাপন্ন অবস্থায় আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন শিকদার মেডিক্যালের প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান।
তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজু (৩৮) নামের একজন মারা গেছে। ঠিকানায় তার বাসা গুলশান-২ লেখা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতায় প্রচণ্ড ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় ভবনের আশপাশ। এ কারণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। ঘটনাস্থলে মোতায়েন রাখা হয় একাধিক অ্যাম্বুলেন্স।
