আইটিআই বিশ্ব কংগ্রেসে রাহুল আনন্দ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৮

থিয়েটার সংগঠক ও নাট্যকর্মীদের সবচেয়ে বড় আয়োজন আইটিআই বিশ্ব কংগ্রেস। প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আরবদেশে।

সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রাতে ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই)র ৩৬তম বিশ্ব কংগ্রেসে যোগ দেয়ার জন্যে সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল ঢাকা ছেড়েছেন। গত ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি সেখানে বিশ্বের প্রায় ৮০টি দেশের অংশগ্রহণে এ কংগ্রেস অনুষ্ঠিত হবে।

প্রতিনিধিদলে রয়েছেন আইটিআই-র বিশ্ব সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, বাংলাদেশ আইটিআই নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আবদুস সেলিম, সহ-সভাপতি অধ্যাপক শফি আহমেদ, সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ, প্রকাশনা সম্পাদক বাবুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ ইউসুফ এবং অভিনেতা-সংগীত শিল্পী রাহুল আনন্দ।

এই প্রথমবার কোন আরব দেশে আইটিআই কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। ফুজায়রা সরকারের পৃষ্ঠপোষকতায় কংগ্রেসে অনেক সৃষ্টিশীল অনুষ্ঠান  ছাড়াও, সেমিনার ও সাংগঠনিক সেশন থাকবে।

অভিনেতা ও সঙ্গীতশিল্পী রাহুল আনন্দ বলেন, ‘এই আয়োজন অংশগ্রহণকারী নাট্যজনদের জন্যই বিশেষ হয়ে ওঠে। তাই ভেন্যুটা এখানে মুখ্য নয়। একসাথে এক ছাদের নীচে থিয়েটার নিয়ে আলোচনা। এ এক অদ্ভুত সৌন্দর্য্যেও ঘটনা। সেখানে উপস্থিত থাকবো, গান পরিবেশন করবো এটাই সম্মানের। ভালোলাগার।’

কংগ্রেসে রামেন্দু মজুমদার একটি সেশনে তাঁর সমপ্রতি প্রকাশিত ‘থিয়েটার ওয়ার্লডওয়াইড : মাই আইটিআই ইয়ার্স’ নিয়ে বক্তৃতা করবেন।

ইত্তেফাক/ইআ