ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন রাশিয়াকে অস্ত্র দিলে বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে। একটি জার্মান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে রাশিয়াকে অস্ত্র দেওয়া নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেকে প্রত্যাখ্যান করেছে চীন।
‘চীনকে পাশে চাই’ উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এই যুদ্ধে চীন যাতে রাশিয়াকে সহযোগিতা না করে। তিনি বলেন, এই মুহূর্তে আমার মনে হয় না এটি সম্ভব। তবে এখানে যা ঘটছে তা সম্পর্কে একটি আশাবাদী পর্যালোচনার সুযোগ চীনের রয়েছে বলে আমি মনে করি। কারণ চীন যদি রাশিয়ার সঙ্গে মিত্রতায় আবদ্ধ হয়, তাহলে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। চীন এই বিষয়ে সচেতন বলে মনে করেন জেলেনস্কি। এদিকে নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চায়না-রুশ সম্পর্কের দিকে আঙুল তোলা বা এমনকি নিগৃহীত করাকে কখনো মেনে নেবে না চীন। রাশিয়াকে সহযোগিতায় চীন প্রাণঘাতী সরঞ্জাম পাঠাতে পারে বলে উল্লেখ করে ব্লিনকেন গভীর উদ্বেগ প্রকাশ করার পর এই মন্তব্য করেছেন ওয়াং ওয়েনবিন।
মুখপাত্র বলেছেন, চীনের কাছে দাবি করার মতো অবস্থানে নেই যুক্তরাষ্ট্র। মস্কোর সঙ্গে বেইজিংয়ের অংশীদারিত্বের কথা তুলে ধরে তিনি বলেছেন, এটির ভিত্তি হলো জোট নিরপেক্ষতা এবং সংঘাতবিরোধিতা। এরই মধ্যে চীন রাশিয়াকে অস্ত্র দিলে তা বেইজিংয়ের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে চূড়ান্ত সীমা অতিক্রম করবে বলে মন্তব্য করেছেন ইউরোপের ২৮টি দেশের জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল।
গতকাল সোমবার জোসেপ বোরেল জানিয়েছেন, তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। জবাবে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা এমনটি করতে যাচ্ছেন না। এরপরও ইইউ সতর্ক থাকবে। —বিবিসি ও আলজাজিরা
