ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া শিশুটিকে দত্তক নিলো তার ফুফু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩১

উত্তর-পশ্চিম সিরিয়ার জিন্দিরেস শহরে ভূমিকম্পের ভয়াবহ পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছিল শিশুটি। সেই শিশুটিকে দত্তক নিলো তার ফুফু ও ফুফা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জন্মের সময় তার মা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। সন্তান জন্মের পরই মারা যায় তার মা। ভূমিকম্পে আয়ার বাবা, চার ভাইবোন এবং এক খালাও নিহত হন। 

ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধারের পর দেশটির আফরিনের কাছে সেহান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে বলা হচ্ছে ‘মিরাকল বেবি’। ইতোমধ্যে তার নাম রাখেন চিকিৎসকরা। তার নাম দেওয়া হয় ‘আয়া’ যার অর্থ নিদর্শন।

এর আগে ভূমিকম্পবিধ্বস্ত সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া শিশু আয়াকে দত্তক নেওয়ার জন্য হাজারো মানুষ আগ্রহ প্রকাশ করে। বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ তার দায়িত্ব নিতে চায়।

সেসময় হাসপাতালের ব্যবস্থাপক খালিদ আতিয়াহ বলেন, আয়াকে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে ফোন করেছেন। তবে খালিদ তাকে এখন দত্তক দিতে চান না। তিনি বলেন, ‘আমি তাকে দত্তক নেওয়ার জন্য কাউকে অনুমতি দেব না। তার দূর–সম্পর্কের আত্মীয় ফিরে না আসা পর্যন্ত আমি তার চিকিৎসা করছি।’

ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া শিশুটি

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এএইচপি