মাটিবাহী ট্রাকচাকায় শিশু শিক্ষার্থী নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২২

বগুড়ার শেরপুরে মাটিবাহী ট্রাকচাকায় পিষ্ট হয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী মায়া খাতুন (৬) নিহত হয়েছেন। নিহত মায়া উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের মেরাজুল ইসলামের মেয়ে। এবং স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণির ছাত্রী। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর-ভবানীপুর আঞ্চলিক সড়কের আন্দিকুমড়া পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কটির পূর্বপাশ থেকে পশ্চিমপাশে পার হচ্ছিল। এ সময় মাকোড়কোলা গ্রামের মাটির পয়েন্ট থেকে আসা দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক (ড্রাম) শিশুটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই শিশু ঘটনাস্থলেই মারা যায়।

নিহত শিশুটির মা ফেন্সি বেগম জানান, বাড়ির উঠানে খেলা করছিল তার শিশু মেয়ে মায়া খাতুন। আর নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্য তার নানি সড়ক সংলগ্ন মুদি দোকানে যান। একপর্যায়ে দোকানে তার নানিকে দেখে খাবার সদাই নেওয়ার জন্য মুদি দোকানে যাচ্ছিল শিশু মেয়েটি। কিন্তু সড়ক পারাপারকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেল বলে হাউ-মাউ করে আর্তনাদ করতে থাকেন তিনি।

শেরপুর থানার এসআই মিথুন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটির চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি। তবে তাদের চিহিৃত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এছাড়া শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া রয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/পিও