বগুড়ার ধুনটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে মহিলা আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সড়কের একটি খাবার হোটেলে দুই নেত্রীর মধ্যে হাতাহাতিতে একজনের নাক ফেটে গেছে। অন্যজন সামান্য আহত হয়েছেন। আহত দু’জনই এখন হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লিপি আকতার (৩৮) ও মহিলা আওয়ামী লীগের কর্মী কাউসার জাহান কেয়া (৩০)। আহতদের মধ্যে লিপিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কেয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার ও সাধারণ সম্পাদক সুলতানা জাহানের মধ্যে দলীয় কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জেরে দুই নেত্রীর পক্ষের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুজিব চত্বর এলাকায় শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের দুই পক্ষ পৃথকভাবে শহীদ মিনারে আসে। তখন আগে ও পরে ফুল দেওয়া নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার বলেন, শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে লিপি খাতুনকে হোটেলের ভেতর মারধর করেছেন কাউসার জাহান ও তার সহযোগীরা।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান বলেন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালে লিপি আকতার তাদের ফুলের মালা ছিঁড়ে দেন। এ ঘটনাকে কেন্দ্রে কথা কাটাকাটি হলে কাউসার জাহানকে মারধর করেন লিপি।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে মারধরে দুজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
