‘আন্তঃনগর’ সিনেমার জন্য গান লিখলেন অতনু তিয়াস

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২০

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম চরকিতে প্রকাশ পেল অতনু তিয়াসের লেখা গান ‘জাদুর আয়না’। গানটি গেয়েছেন আতিয়া আনিসা ও সাইফ জোহান। সুর ও সংগীত করেছেন জাহিদ নিরব। চলচ্চিত্রকার গৌতম কৈরী পরিচালিত ‘আন্তঃনগর’ সিনেমার প্রথম গান এটি। গানটি শ্রোতাদের বেশ মনোযোগ আকর্ষণ করেছে।

অতনু তিয়াস মূলত কবি। কবিতার পাশাপাশি গান বাঁধেন এবং নিজেও গান করেন। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’  চলচ্চিত্রে গান লেখার মাধ্যমে সিনেমা ও টিভি নাটকে তার গান লেখা শুরু। ‘আবার তোরা সাহেব হ’  ঈদ নাটকের জন্য লেখা ‘আমার প্রাণ ধরিয়া মারো টান’ গানটি দেশে বিদেশে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। শ্রোতাপ্রিয়তা পেয়েছে ‘ভূত হইতে সাবধান’ নাটকের জন্য লেখা ‘তোমার একলা দিনের পাশে’ গানটিও। ‘ইউটার্ন’ সিনেমার জন্য তার লেখা ও সুর করা ‘ফুল ফুটেছে ওই বনে’, ‘এত প্রশ্নের ছড়াছড়ি’ গান দুটিও শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 

অতনু তিয়াস তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Atanu Tias’-এ অনিয়মিতভাবে গান আপলোড করে যাচ্ছেন। ‘জাদুর আয়না’ গানটি প্রকাশের অনুভূতি হিসেবে অতনু তিয়াস বলেন, ‘ওয়েব ফিল্মের জন্য লেখা এটিই আমার প্রথম গান। ‘আন্তঃনগর’ সিনেমার পরিচালক গৌতম কৈরী আমার অনুজপ্রতিম বন্ধু। তার মাধ্যমে একটি স্বপ্ন পূরণ হলো। সত্যিই আমি খুব আনন্দিত।’

ইত্তেফাক/ইআ