সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সচিব ও কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার বর্তমান সচিব কাজী শরিফুল ইসলামকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আদালতে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন এ রায় ঘোষণা করেন।
মামলায় জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপার ভাইজারকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তৎকালীন পৌরসভার সচিব ও বর্তমান ভেড়ামারা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম। ২০১৬ সালে ১২ জুলাই ওই নারী তার কক্ষে কাজ করছিলেন। এ সময় সচিব কাজী শরিফুল ইসলাম তাকে একা পেয়ে জাপটে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সচিব কাজী শরিফুল ইসলামকে কিলঘুষি মেরে ইপিআই সুপারভাইজারকে আহত করেন। পরে অন্যান্য সহকর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেন। ২০১৬ সালের ১ আগস্ট বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ওই নারী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম।
