চার বছর পর টেস্ট বোলারদের শীর্ষে ‘বুড়ো’ অ্যান্ডারসন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৯

বয়স তার কম হয়নি, আগামী জুলাই মাসের শেষে পা রাখবেন ৪১ বছরে। তবে এ বয়সেও যেন এতটুকুও ধার কমেনি তার। বলছিলাম ইংল্যান্ডের ডানহাতি পেস বোলার জেমস অ্যান্ডারসনের কথা। 

বুড়ো হয়েও যেন বল হাতে সেই তরুণ বয়সের মতো সমানতালে সুইং-জাদু দেখাচ্ছেন এই ইংলিশ পেসার। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা টেস্ট ম্যাচে বল হাতে তাণ্ডব চালানোর পর চার বছর ধরে বিশ্বের ১ নম্বর টেস্ট বোলারের অবস্থান ধরে রাখা প্যাট কামিন্সকে সিংহাসনচ্যুত করে ষষ্ঠ বারের মতো বিশ্বসেরা বোলারের মুকুট পরলেন অ্যান্ডারসন।

গত সপ্তাহে মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ২৬৭ রানের বিশাল জয় পায়। এ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেন অ্যান্ডারসন। আর এতেই ‘জিমি’ করে নেন বাজিমাত।

২০১৬ সালের মে-তে প্রথম বারের মতো টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেন অ্যান্ডারসন। এর আগে সর্বশেষ ২০১৮ সালে সবমিলিয়ে চার মাস র‍্যাংকিংয়ের শীর্ষে ছিলেন তিনি। ঐ বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার কাছে শীর্ষস্থান হারান অ্যান্ডারসন। তবে এবার অ্যান্ডারন র‍্যাংকিংয়ে খুব অল্প ব্যবধানে এগিয়ে আছেন। 

দ্বিতীয় স্থানে থাকা রবিচন্দ্রন অশ্বিনের (৮৬৪) চেয়ে মাত্র দুই রেটিং পয়েন্ট বেশি তার। অন্যদিকে ৮৫৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছেন কামিন্স।  ২০০৩ সালে টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারের দিক থেকে তালিকায় ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকরের (২০০) পরই রয়েছেন তিনি। টেস্টে ১৭৮টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। নিয়েছেন ৬৮২টি উইকেট। এক দিনের ম্যাচ খেলেছেন ১৯৪টি। নিয়েছেন ২৬৯টি উইকেট।

ইত্তেফাক/এসএস