কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত মুক্তিযোদ্ধার জমি দখলমুক্ত করতে ৪০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জসিম উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ফরিদ আহামদ নামে এক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ছেলে হাসান ফারুক ।
অভিযুক্ত জসিম উদ্দিন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
জানা যায়, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন উপজেলার খুটাখালী এলাকার এক প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের জমি রাতের আঁধারে দখল করে নিয়েছে। প্রায় ২০ একর জমিটি প্রয়াত মুক্তিযোদ্ধা ও তার স্বজনের নামে খতিয়ানভুক্ত হলেও রাতের আঁধারে দখল করে নেয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে অভিযোগ করলে ওই জমিতে ১৪৪ ধারা জারি করে আদালত।
পরবর্তীতে আদালত উক্ত জমি খতিয়ানভূক্ত মালিকদের ছেড়ে দিতে নির্দেশনা দিলেও সেই আদেশ তোয়াক্কা করছে না অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার সহযোগীরা। ক্ষমতার দাপটের কাছে অসহায় মুক্তিযোদ্ধা পরিবার সমঝোতায় দখল ছাড়ানোর চেষ্টা করে। এসময় জসিম জমির দখল ছাড়াতে ভুক্তভোগী পরিবারের কাছে ৪০ লাখ টাকা দাবি করে। এক টাকা কম হলেও জমি ছাড়া হবে না বলে জানিয়েছে দখলদার জসিম উদ্দিন।
ভুক্তভোগী হাসান ফারুক অভিযোগ করেন, খুটাখালীর কৈয়ারখালী এলাকায় তাদের প্রায় ২০ একর জমি রয়েছে। এ জমি গবাদি পশু লালন-পালনে ব্যবহার করা হতো। গত বছরের সেপ্টেম্বরে তার বাবা বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদের মৃত্যুর এক মাস পার না হতেই জসিম উদ্দিন তার সহযোগীদের নিয়ে রাতের আঁধারে জমিটি দখল করেন। খবর পেয়ে বাঁধা দিতে গেলে তাদের ওপর প্রহার করে ও প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। আদালতের শরণাপন্ন হলে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা জানার পর আওয়ামী লীগ নেতা জসিম ও তার সহযোগীরা হত্যার হুমকি দেওয়ায় সাধারণ ডায়েরি করেছেন। জমি দখলমুক্ত করতে এক সালিশি বৈঠক বসলে জসিম ৪০ লাখ টাকা দাবি করে।
অভিযুক্ত জসিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো সদুত্তর দেননি এ বিষয়ে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, জসিম একজন সুবিধাভোগী। যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের রাজনীতি করে। আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের ক্ষমতাধর এক নেতার ছত্রছায়ায় তিনি নানা অপরাধ করে বেড়ান।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, জমি দখলের বিষয়ে অবগত হয়েছি। কিন্তু চাঁদাবাজির ঘটনা জানা নেই। ভুক্তভোগী পরিবারকে আইনি সহযোগিতা দেওয়া হবে।
