যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, সাংবাদিকসহ নিহত ৩

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের প্রতিবেদন করার সময় এক বন্দুকধারীর গুলিতে এক টেলিভিশন সাংবাদিক নিহত ও একজন আহত হয়েছে। এরপরই সে নিকটবর্তী একটি বাড়িতে গিয়ে ৯ বছর বয়সী এক কন্যা শিশুকে হত্যা করে এবং শিশুটির মা আহত হয়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে কিথ মেলভিন মোজেস (১৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার(২২ ফেব্রুয়ারি) অঙ্গরাজ্যটির অরল্যান্ডোতে এসব ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স। 

অরেঞ্জ কাউন্টির শেরিফ জন মিনা জানিয়েছেন, অরল্যান্ডোর পাইন হিলস আবাসিক এলাকায় দুই ঘটনাস্থলের মধ্যে মাত্র একটি ব্লকের ব্যবধান। এই দুই ঘটনার কয়েক ঘণ্টা আগে বিশোর্ধ্ব এক নারী খুন হন।

ওই দুই সাংবাদিক এ খুনের প্রতিবেদন করার সময়ই তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় বলে মিনা জানান।

ওই বিশোর্ধ্ব নারীকে খুনের ঘটনায় মোজেসের বিরুদ্ধে  অভিযোগ আনা হয়েছে এবং তাকে পরবর্তী দুই ঘটনার একজন সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

ওই দুই সাংবাদিকের মধ্যে একজন প্রতিবেদক ও অন্যজন আলোকচিত্রী । তারা ফ্লোরিডা ক্যাবল টেলিভিশনের আউটলেট স্পেকট্রাম নিউজ থারটিন এ কাজ করতেন।

মিনা জানান, সন্দেহভাজনকে গ্রেপ্তার করার সময় তার কাছে একটি পিস্তল পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাসহ অপরাধের দীর্ঘ রেকর্ড আছে। 

বুধবারের এসব ঘটনার কোনোটিরই কোনো উদ্দেশ্য জানা যায়নি, তবে প্রথম ঘটনায় নিহত তরুণীর সঙ্গে মোজেসের জানাশোনা ছিল বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আগে এই তরুণী সন্দেহভাজন বন্দুকধারী মোজেস ও আরেক ব্যক্তির সঙ্গে একটি গাড়িতে বসে ছিলেন।

শেরিফ জানান, ওই দুই সংবাদকর্মীকে সাংবাদিক হিসেবে লক্ষ্যস্থল করা হয়েছে কিনা তা তার জানা নেই, তবে সাধারণত গণমাধ্যমের গাড়িগুলোতে যে ধরনের চিহ্ন ও লোগো থাকে তাদের গাড়িতে সেসব ছিল না। গুলিবিদ্ধ হওয়ার সময় তারা গাড়ির ভেতরে অথবা কাছেই ছিলেন।

আহত ওই মা এবং সাংবাদিক, উভয়েই হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের দুজনের অবস্থাই সঙ্কটজনক বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিক হতাহত হওয়ার এ ঘটনায় টুইটারে দেওয়া এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন-পিয়ের। 

ইত্তেফাক/এফএস