অ জে য় চৌ ধু রী
কথায় আছে, শুরুটা ভালো হলে শেষটাও ভালো হয়। এই কথার সঙ্গে মিলে গেছে হালের ব্যস্ততম চিত্রনায়িকা আইরিনের বর্তমানের গল্পটাও। মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’-এ ভালো পারফরম্যান্সের পর তিনি একের পর এক নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন। রুপালি পর্দায় নতুন হলেও তাঁর হাতে আছে এখন চারটি ছবির কাজ। আর মুক্তির প্রতিক্ষায় আছে দুটি চলচ্চিত্র। মিডিয়ায় আইরিনের শুরুর গল্পটা ছিল এরকম—শখের বশেই র্যাম্প মডেলিংয়ে নাম লিখিয়েছিলেন তিনি। তবে অল্প সময়েই নিজের মেধা ও যোগ্যতা দিয়ে র্যাম্পে নিজের স্বকীয় অবস্থান গড়তে সক্ষম হন। কয়েক বছরে তিনি পারফর্ম করেন অসংখ্য ফ্যাশন শোতে। ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘বেস্ট স্মাইল’ পদবি লাভ করেন। এরপর তার ক্যারিয়ারে নতুন হাওয়া লাগে। এরপর বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। এরপর বিভিন্ন টিভি নাটকে ভালো কিছু চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। আফসানা মিমির ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’তে ‘স্বর্ণলতা’ চরিত্রে অভিনয় করে একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন। অভিনয় করেন তানভীর হোসেন প্রবালের ‘তবুও সংশয়’ নামক খণ্ড নাটকে। এরপর তার স্বপ্নের রং বদলাতে শুরু করে। তাই তো নাম লেখালেন দেশীয় চলচ্চিত্রের রঙিন ক্যানভাসে। মোহাম্মদ হোসেন পারভেজের পরিচালনায় ‘প্রিয়তমা, তুমি দাঁড়ি আমি কমা’ নামের চলচ্চিত্রে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে তাঁর বিপরীতে নায়ক হিসেবে আছেন সুপার হিরো সুপার হিরোইন খ্যাত নিলয়। প্রথম ছবির কাজ না শেষ হতেই আরো কয়েকটি নতুন চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন তিনি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পাওয়ার পর তাঁর ভাগ্য আরো সুপ্রসন্ন হয়। গত মাসেই চিত্রনায়িকা আইরিন শেষ করেছেন কলকাতার সিনেমা ‘শুভরাত্রি’র কাজ। সেই সিনেমা মুক্তির আগেই তিনি আবারও কলকাতার নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এবারের সিনেমার নাম ‘কাউন্ট ডাউন’। তবে এবারের সিনেমাটি অফট্র্যাকধর্মী সিনেমা বলে জানান আইরিন। ‘শুভরাত্রি’ সিনেমাটি নির্মাণ করেছেন রাজা দীপ্ত বন্দোপাধ্যায়। এতে তাঁর বিপরীতে আছেন সুমন চ্যাটার্জি ও রাজা দীপ্ত। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আইরিন জানান ভারতের নির্বাচনের পর এবং ঈদুল ফিতরের পরপরই শুরু হওয়ার কথা ছিল তাঁর নতুন সিনেমা ‘কাউন্ট ডাউন’-এর কাজ। তবে আইরিন জানান, পরিচালক পার্থ সারথী চ্যাটার্জি আরো ক’টা দিন সময় নিয়েছেন সিনেমাটির কাজ শুরু করার জন্য। নতুন সিনেমায় আইরিন অভিনয় করবেন ‘মৌলি’ নামের একজন সাংবাদিকের চরিত্রে। যিনি কিনা সমাজের নির্যাতিত নারীদের নিয়ে নানা ধরনের প্রতিবেদন তৈরি করে প্রকাশ করেন। আইরিন বলেন, ‘মৌলি চরিত্রটি আমার কাছে দারুণ লেগেছে। সাংবাদিকতা পেশার প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। যে কারণে এই ধরনের চরিত্রের প্রতিও রয়েছে দুর্বলতা। তাই এই চরিত্রটিতে কাজ করা নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস নিশ্চয়ই খুব ভালো হবে কাজটি।’ আইরিন জানান যেহেতু ‘কাউন্ট ডাউন’ একটি অফট্র্যাকধর্মী সিনেমা। তাই এতে তার বিপরীতে কোনো নায়ক নেই। এই সিনেমার গল্পই হলো প্রধান বিষয়। আইরিন তাঁর বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট।
