তা হ মি না মি লি
‘ম্যান ইন ব্ল্যাক’ ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা ‘এমবিআই: ইন্টারন্যাশনাল’ আসছে। সায়েন্স ফিকশন অ্যাকশন কমেডি ধাঁচের সিনেমাটি মালির। মারভেল কমিকস অবলম্বনে নির্মিত হয়েছে। ‘ম্যান ইন ব্ল্যাক’ সিরিজের তৃতীয় সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১২ সালে। এবার আসছে সিনেমার চার নম্বর সিনেমাটি। নিউ ইয়র্ক সিটি, মরোক্কো, ইতালি ও লন্ডনে চিত্রায়িত বহুল আলোচিত হলিউডি সিনেমাটিতে ‘ম্যান ইন ব্ল্যাক’-এর লন্ডন শাখায় একজন নতুন নারী সদস্য অ্যাজেন্ট এম-এর অন্তর্ভুক্তি ঘটেছে। অ্যাজেন্ট এম চরিত্রে অভিনয় করেছেন টেসা থম্পসন। ‘ম্যান ইন ব্ল্যাক ইন্টারন্যাশনাল’-এ তাঁর অন্তর্ভুক্তি সবাইকে বিশেষভাবে কৌতূহলী করেছে। কারণ এ সিনেমায় টেসা থম্পসন তাঁর পূর্ববর্তী দুটি বহুল আলোচিত সিনেমা ‘থর :র্যাগনারক’ এবং ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর সহশিল্পী ক্রিস হেমসওয়ার্থকে আবার পাশে পেয়েছেন সহশিল্পী হিসেবে। এটা টেসার জন্য চমত্কার এক অভিজ্ঞতা বলা যায়। এই কৃষ্ণাঙ্গ অভিনেত্রী সম্প্রতি হলিউডে নিজেকে বেশ ভালোভাবেই পরিচিত করে তুলেছেন। ৩৫ বছর বয়সী টেস থম্পসন প্রথম সবার মনোযোগ আকর্ষণ করেন ইন্ডিপেনডেন্ট ফিল্ম ‘মিসিসিপি ড্যামড’-এ অভিনয়ের সুবাদে। এরপর ড্রামা ধাঁচের সিনেমা ‘ফোর কালারস গার্লস’-এ ‘নায়লা অ্যাডরোস’ চরিত্রে চমত্কার অভিনয় করে দর্শকদের আরো অনেক কাছাকাছি চলে আসেন তিনি। ঐতিহাসিক পটভূমির সিনেমা ‘সেলমা’য় তাঁকে দেখা যায় নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার এক কর্মী ‘ডিয়ানে নাস’-এর চরিত্রে। এ সিনেমা টেসাকে আরো এগিয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণকারী হলিউডি এই অভিনেত্রীর বাবা একজন কৃষ্ণাঙ্গ গীতিকার ও গায়ক। তবে মা একজন ইউরোপিয়ান। সান্তা মনিকা হাইস্কুলে পড়ার সময় ‘মিডসামার নাইটস ড্রিম’ নাটকে ‘হারমিয়া’ চরিত্রে অভিনয় করার সুযোগ পান। সান্তা মনিকা কলেজে কালচারাল অ্যানথ্রোপলজি বিষয়ে পড়াশোনা করেন টেসা থম্পসন। ওই সময় লস অ্যাঞ্জেলস ওম্যানস শেক্সপিয়ার কোম্পানির হয়ে বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেন তিনি। মঞ্চে অভিনয়ের কারণে অভিনেত্রী হিসেবে তাঁর চমত্কার সব অভিজ্ঞতা হয়। ছোটপর্দায়ও অভিনয় করেছেন। মঞ্চ ও টিভি অভিনয়ের কারণে অভিনেত্রী হিসেবে তাঁর মধ্যে এক ধরনের পরিপক্বতা এসে যায় কম সময়ের মধ্যে। ইদানীং বড় পর্দায় দাপিয়ে বেড়ানোর সক্ষমতা টেসাকে নিজের ব্যাপারে অনেকটা আস্থাশীল করেছে ‘ক্রিড’, ‘ক্রিড টু’, ‘থর :র্যাগানারক’, ‘অ্যাভেঞ্জারস :এন্ড গেম’, ‘অ্যানিহিলেশন’ এবং ‘স্যরি টু বদার ইউ’ প্রভৃতি সিনেমায় তাঁর দুর্দান্ত উপস্থিতির পর এবার ‘ম্যান ইন ব্ল্যাক : ইন্টারন্যাশনাল’ সিনেমায় অ্যাজেন্ট এম চরিত্রে আবির্ভাব দর্শকদের সামনে নতুনভাবে পরিচিত করবে নিঃসন্দেহে বলা যায়। অভিনয়ের পাশাপাশি ভালো গাইতেও পারেন তিনি। বাবার কাছ থেকে সংগীতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রেরণা লাভ করেছেন টেস থম্পসন। আগামীতে তাঁকে ড্রামা ধাঁচের ‘সিলভি’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এ সিনেমাটিও তাঁর ক্যারিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
