রবিউল হাসান রবিন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
গান-নাচ-কথা ও কবিতায় পঞ্চ গীতিকবিকে স্মরণ করলো কাউখালী স্বরবিতান সংগীত একাডেমি। গত ১৪ জুন বিকেলে কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চকবির গান, কবিতা ও নাচ নিয়ে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামের রাগাশ্রয়ী গানগুলোই প্রাধান্য পায় এ আয়োজনে।
পূরবী, ভূপালি, খাম্বাজ, মাঢ়, ইমন, শ্যামকল্যাণ, ছায়ানট, বেহাগ, মল্লার, দেশ, ঝিঁঝিট, তিলককামোদ, কাফি, দোলনচাঁপা, পরজ, বাগেশ্রী ইত্যাদি রাগের ছায়ায় মোট ৩০টি গান (সম্মেলক, দ্বৈত ও একক) কবিতা ও নাচ দিয়ে সাজানো হয় এই আসর।
কাউখালীর মেয়ে মৃদুলা সমাদ্দার ছিলেন এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। বাংলা গানের জগতে বাণী ও সুরের অমিয় ধারায় যাঁদের গান শ্রেষ্ঠত্বের আসন নিয়েছে তাঁরাই হলেন এই পাঁচ গীতিকবি। কাউখালীতে এ অনুষ্ঠানটি ছিল স্মরণকালের ব্যতিক্রমী আয়োজন।
কাউখালী সরকারি কলেজের প্রভাষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন মুখোপাধ্যায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরবিতানের সম্পাদক ও পরিচালক সংস্কৃতিজন সুব্রত রায়। আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক সংগঠক আশুতোষ মিস্ত্রী, সঞ্জিত কুমার সাহা, লিটন কৃষ্ণ কর, রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুব্রত রায়, মৃদুলা সমাদ্দার, দীপান্বিতা রায় প্রজ্ঞা, শ্রেয়সী হালদার, নম্রতা কর্মকার, বনানী হালদার, সোমা সাহা রায়, পিংকি বৈদ্য, লতা বৈরাগী, নাদিরা আনজুম হাফসা, বদরুন্নাহার বেগম প্রমুখ।
