সমাজ পরিবর্তনের লক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন

আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:১৬

মিজানুর রহমান

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

 

মাদক, বাল্যবিয়ে ও মেয়েদের উত্ত্যক্তকরণ প্রতিরোধ, সমাজ থেকে অপসংস্কৃতি ও কুসংস্কার  দূরীকরণ, প্রবীণ জনগোষ্ঠীর  জীবনমান উন্নয়ন ও মানুষের মাঝে হাসি-আনন্দ ছড়িয়ে দিতে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই নানা কর্মসূচি হাতে নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমৃদ্ধি কর্মসূচির উদ্ভাবক ও প্রবর্তক ড. কাজী খলিকুজ্জমান আহমদ পরিচালিত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনসহ আরো কিছু সংস্থার আর্থিক সহযোগিতায় পরিচালিত এসডিআই ঢাকা ধামরাই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজন করে আসছে। গত ১৪ জুন সংস্থাটি ধামরাইয়ের সূতিপাড়ায় তাদের নিজস্ব ট্রেনিং সেন্টার এফটিসিতে দিনব্যাপী আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে। দিনের শেষভাগে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসডিআইয়ের নিজস্ব ও দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করলেও অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন উদীয়মান তরুণ সঙ্গীত ও অভিনয়শিল্পী মৌসুমী মৌ। বরেণ্য অভিনয়শিল্পী প্রফের ড. ইনামুল হক, দিলারা জামান, চিত্রনায়িকা দিলারা ইয়াসমীনসহ অনুষ্ঠানের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবুল হোসেন, প্রধান অতিথি অমলেন্দু মুখার্জি, বিশেষ অতিথি মো. ফজলুল কাদের, সামছুল হকসহ উপস্থিত সকলে অনুষ্ঠানটি উপভোগ করেন। এ সময় দর্শক-শ্রোতারা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।