শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
‘আকাশ ভরা সূর্য্য তারা, নয় নয় এ মধুর খেলা, জগতে আনন্দযজ্ঞে, সার্থক জনম আমার’—একক সংগীত সন্ধ্যায় এ রকম জনপ্রিয় গান পরিবেশন করে ঈদের আনন্দ উপভোগসহ দর্শক-শ্রোতা ও সংগীতপিপাসুদের সুরের সাগরে ভাসিয়ে দিলেন ছায়ানটের সংগীত বিভাগের শিক্ষক সেমন্তী মঞ্জরী। জয়পুরহাটের ঐতিহাসিক লাইব্রেরি ও ক্লাব সাংস্কৃতিক মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় আয়োজন করা হয় সেমন্তী মঞ্জরীর এই একক সংগীত সন্ধ্যা। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখা এই সংগীত সন্ধ্যার আয়োজন করে। দর্শক-শ্রোতাদের অনুরোধের গানসহ ১৮টি গান পরিবেশন করেন সেমন্তী মঞ্জরী। শ্রোতাদের মুগ্ধ করা অন্যান্য গানগুলোর মধ্যে ছিল কতবার ভেবেছিনু, মম মনের বিজনে, বঁধূয়া নিদ নাহি, জাগাও পথিকে, চাহি অতৃপ্ত নয়নে, সখা, তোমারে পাইলে, প্রেমে জল হয়ে যাও ইত্যাদি। সাংবাদিক ও গবেষক আমিনুল হক বাবুল, জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়সহ জেলার বিভিন্ন সংগীত সংগঠনের শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
