বিনোদন রিপোর্ট
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়কের নতুন সিনেমা কবে পাওয়া যাবে সেই অপেক্ষা ছিল ভক্তদের। শিগগিরই নতুন সিনেমা শুরু করবেন এই নায়ক। বিভিন্ন সময় গণমাধ্যমে বলেছেন ভালো গল্পের জন্য এখন বেশি অপেক্ষা তাঁর। কারণ সংখ্যা বাড়িয়ে মানহীন সিনেমায় অভিনয় করতে চান না তিনি। অবশেষে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত দীপংকর দীপন-এর ‘ঢাকা ২০৪০’ সিনেমায় দেখা যাবে বাপ্পীকে।
বাপ্পী বলেন, ‘কাজটি নিয়ে আমি বেশ আগ্রহী। দীপন ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতাটা বেশ ভালো হবে আশা করি। আমাদের এখন ভালো মৌলিক গল্পের সিনেমার সংখ্যা বাড়ছে। তবে ভালো গল্পের সাথে ভালো টিমও দরকার।’
গল্পনির্ভর চলচ্চিত্র ‘ঢাকা ২০৪০’। সম্প্রতি ‘অপারেশন সুন্দরবন’ নামে আরো একটি ছবির সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। সেই ছবির ঘোষণার সপ্তাহখানেক পরই দিলেন ‘ঢাকা ২০৪০’ নির্মাণের ঘোষণা।
এবারে আর প্রস্তুতি নয়, একেবারে শুটিং শুরু। ছবিটির ঘরানা বাংলাদেশের ছবির জন্য একেবারে অভিনব। ফিউচারিস্টিক সোশ্যাল ড্রামা। ছবিটির গল্প হাবিব রহমান ও পরিচালক দীপনের দীর্ঘ দিনের লালিত। এরপর বেশ যত্ন নিয়ে গল্পটির চিত্রনাট্য করা হয়েছে। বাপ্পী ছাড়াও ছবিটির জন্য নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া চুক্তিবদ্ধ হয়েছেন। আজ বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ছবিটির মহরতে জানানো হবে তাঁদের চরিত্রের পরিচয়। অনুষ্ঠানে এ তিন শিল্পীকে ছবির অভিনয়শিল্পী হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। ছবিটির পরিচালক জানাবেন কিভাবে এত চ্যালেঞ্জিং একটি কাজের প্রস্তুতি নিয়েছেন।
