যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৫

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে একটি মেডিক্যাল পরিবহন বিমান বিধ্বস্ত হয়। খবর এএফপি’র।

আরইএমএসএ হেল্থ (আঞ্চলিক জরুরি মেডিক্যাল সেবা কর্তপক্ষ) এক বিবৃতিতে বলেছে, ক্যালিফোর্নিয়া সীমান্তবর্তী নেভাদার স্টেজকোচের এরিড শহরে শুক্রবার রাতে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির পাঁচ আরোহীর কেউ বেঁচে নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিমানটিতে পাইলট ছাড়াও একজন নার্স, একজন প্যারামেডিক, একজন রোগী ও তার পরিবারের একজন সদস্য ছিলেন।

এয়ার অ্যাম্বুলেন্স কম্পানি কেয়ার ফ্লাইট জানায়, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডারের বাইরে চলে যায়। সেন্ট্রাল লিয়ন কাউন্টির দমকল বিভাগ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। অনুসন্ধান ও উদ্ধারকারী দল রাত সোয়া ১১টার দিকে বিমানটিকে শনাক্ত করে । 

কেয়ার ফ্লাইট তার ওয়েবসাইটে বলেছে, ‘আমরা দুঃখিত। আমরা সেন্ট্রাল লিয়ন কাউন্টির দমকল বিভাগ থেকে এখন নিশ্চিত হয়েছি যে বিমানে থাকা পাঁচজনের মধ্যে কেউ বেঁচে নেই।’

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বড়ো ধরনের শীতকালীন ঝড় আঘাত হানার এ সময়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানটির আশপাশের পরিস্থিতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ঝড়ো পরিস্থিতির কারণে ক্যালিফোর্নিয়ায় প্রায় এক লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

ইত্তেফাক/এফএস