মাদারীপুর জেলা প্রবাসীদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের অন্যতম একটি জেলা। এ জেলার প্রবাসীদের মধ্যে বেশিরভাগই ইউরোপ প্রবাসী। তারা বিভিন্নভাবে অবৈধপথে ইতালী যায়। সম্প্রতিকালে লিবিয়ায় নৌকাডুবি, মাফিয়াদের হাতে নিহত বাংলাদেশীদের মধ্যে মাদারীপুরের লোকই ছিল বেশী। মাদারীপুরে প্রায়ই চলে শোকের মাতম। অবৈধপথে ইউরোপ যাওয়ার স্বপ্নই তাদের ঝুঁকির কারণ। এ অবৈধ গমন জেলা-উপজেলা প্রশাসন বিভিন্নভাবে চেষ্টা করেও পুরোপুরি রোধ করতে না পারলেও পরিমান কিছুটা কমিয়ে এনেছে। ভবিষ্যতে যেন অবৈধ পথে বিদেশ গমনের চেষ্টা না করে তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে একের পর এক সচেতনতামূলক প্রচার অভিযান করায় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন বলেন, মাদারীপুর জেলা প্রবাসীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের দেশের মধ্যে দ্বিতীয়। এ খানের বেশিরভাগ প্রবাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে। কিন্তু তাদের বিদেশ গমনের পন্থাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা পাতা ভিসার ( অবৈধ পথে) মাধ্যমে বিদেশ যেতে বেশি আগ্রহী হয়ে পড়েন । এটা দীর্ঘ দিনের একটি ঝোক এ এলাকার মানুষের। যারা বিগত দিনে এ পথে গিয়ে সফল হয়েছেন তাদের দেখাদেখি অনেকেই ঝুঁকি নিয়ে থাকেন। এক বছরে অনেকে লাশ হয়ে দেশে ফিরেছে। অনেকে মাফিয়াদের হাতে আটক হয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে মুক্ত হতে গিয়ে সর্বস্ব হারিয়েছে। অনেক লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে চিঠি লিখতে হয়েছে। অনেক বন্দীদের উদ্ধার করতে লিবিয়া সরকারের সাথে কথা বলতে হয়েছে। তাই আপনার সন্তান, আপনার ভাই, আপনার স্বামী যেন এ পথে গমন করে জীবন দিতে না হয় তার বিষয়ে সকলকে সচেতন হতে হবে। সরকারি ভাবে বা বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য সকলে প্রস্তুত হতে হবে। এছাড়া বেকার সমস্যা সমাধানের জন্য ও দেশে থেকে বেশি উপার্জনের জন্য প্রশাসন বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে। ওই সব প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে সহজ ও বেশি উপার্জনের কাজ পাওয়ার নিশ্চয়তা রয়েছে । তাই সবাইকে সচেতন হতে হবে । জীবন ও পরিবারের কথা চিন্তা করে ভালো সিদ্ধান্ত নিতে হবে ।
