রাজধানীর সবুজবাগ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সবুজবাগের মানিকদিয়া রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আশপাশের লোকজনকে কাছ থেকে জানতে পারি ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। আমরা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছি। তিনি সবুজবাগ থানার সিমরাইল এলাকায় থাকতেন।
