দেশে ফিরেছেন সাকিব

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২২

বিপিএলের পর্ব চুকিয়ে পাকিস্তান সুপার লিগের (পিসএল) এক ম্যাচ খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলো সাকিব আল হাসান। আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে সেখান থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

সোমবার সকাল ৭ টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাকিব। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান।

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচ হয়ে এসে ইংল্যান্ড সিরিজ লক্ষ্য করে ইতোমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে এতোদিন অনুশীলনে পাওয়া যায়নি দলের সবচেয়ে বড় তারকা সাকিবকে। বৃহস্পতিবার শুরু হওয়া দলীয় অনুশীলনে সাকিব ছাড়া উপস্থিত ছিলেন ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা দলের অন্য সবাই। 

পারিবারিক জরুরী কাজের ব্যস্ততাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ১ মার্চ থেকে। সাকিবের ফেরা নিয়ে বারবার তাই প্রশ্ন উঠছিলো বিগত কয়েকদিন। সংবাদ সম্মেলনে এসে দলের অধিনায়ক তামিম ইকবালকেও সামলাতে হয়েছে সাকিবের ফিরে আসার প্রশ্ন। তখন তামিমই জানিয়েছিলেন, পারিবারিক  কারণেই এখনও অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব।   

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী।

ইত্তেফাক/এসএস