পুলিশের চাকরি পাওয়া ৪৫ জন প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩২

মাদারীপুরে ‘ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল'(টিআরসি) পদে ৪৫জন প্রার্থীর নিয়োগ চুড়ান্ত করেছে নিয়োগ কমিটি। সোমবার রাত সোয়া নয়টার দিকে জেলা পুলিশলাইন্স ড্রিলসেট হলরুমে বসে নিয়োগের চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ কমিটির সভাপতি ও মাদারীপুর জেলার সৎ ও সুযোগ্য পুলিশ সুপার  মোঃ মাসুদ আলম, বিপিএম (বার)  পিপিএম। 

পুলিশ সূত্রে জানা যায়, “চাকরি নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে মাদারীপুর জেলায় নিয়োগ কার্যক্রম শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন করা হয়। এই লক্ষে ‘নিয়োগ ডিসেম্বর২০২২’ এর জন্য গত ১১ ফেব্রুয়ারি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মোট ১৪৪৮ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে যাচাই-বাছাই করে মাঠ পরীক্ষায় ১০২৩ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে নিয়োগ কমিটি ২দিনে উপস্থিত চাকুরী প্রার্থীদের মধ্য থেকে কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, সক্ষমতা ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে লিখিত পরীক্ষার ২৯৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়। নিয়োগের ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ১২৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ১২৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করলে নিয়োগ কমিটি কর্তৃক ৪৫ জন প্রার্থী পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এতে ৩৮জন পুরুষ ও ৭ জন্য নারী নির্বাচিত হন। পুরুষ সদস্যদের মধ্যে ৬জন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে। ফলাফল প্রকাশের পরে জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম ‘চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের’ দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ কমিটির সদস্য ও রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও ফিনান্স) মো. সালাহউদ্দিন, নিয়োগ কমিটির অপর সদস্য ও শরিয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ভাস্কর সাহা, মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হাসান,   সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (অপস্) মোঃ মনিরুল ইসলামসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকগন। পরে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এসময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবক অনেকে তাদের তাৎক্ষনিক অনুভূতি ব্যক্ত করেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে ১২০ টাকা খরচে নিয়োগ পাওয়ায় তারা আবেগ প্রবণ হয়ে পড়েন।

 

ইত্তেফাক/ইআ