কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নির্যাতন ও লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ ৬ শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগের সত্যতা পেয়েছে পৃথক দুইটি তদন্ত কমিটি। এ ঘটনায় অভিযুক্ত অপর ৫ শিক্ষার্থী হলেন তাবাসসুম, লিমা, উর্মি, মুয়াবিয়া ও মীম।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় এ প্রতিবেদন দাখিল করেছেন। এদিন বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও আদালতে দাখিল করা হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। তার আগের দিন ১৫ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে (ইবি) রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে জড়িতদের হাইকোর্টে তলব করার নির্দেশনা চাওয়া হয়।
