সাতক্ষীরার কালিগঞ্জে ঢাকার হোম ইকোনমিক্সের এক ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের পর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে ল্যাপটপসহ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আব্দুল হাই ওরফে রাজু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রাজু কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর এলাকার শেখ রওশান আলীর ছেলে।
ভুক্তভোগী উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওই ছাত্রী নিজে থানায় এজাহার দেন। পরে মঙ্গলবার (১৮ জুন) সকালে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ অভিযুক্ত রাজুকে গ্রেফতার করেন।
এজাহার সূত্রে জানা যায়, ৫ মাস আগে রাজুর সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। গত ১৪ এপ্রিল ওই ছাত্রী ঢাকা থেকে বাসে বাড়ি আসার সময় পথে রাজু তাকে বাস থেকে নামায়। পরে এক বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিলে রাজী না হওয়ায় তাকে মারপিট করে। এক পর্যায়ে রাত ১০টার দিকে রাজু ধারালো চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে রাতভর ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।
পরের দিন ওই ছাত্রী বাড়িতে ফিরলে রাজু তাকে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ভয়ে ঘটনা চেপে যান তিনি। পরে রাজু ধারণ করা ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। রাজু এ পর্যন্ত এক লাখ সত্তর হাজার টাকা এবং একটি ল্যাপটপ হাতিয়ে নিয়েছে বলে এজাহার সূত্রে জানা যায়।
আরও পড়ুন: পুলিশের খোয়া যাওয়া সেই অস্ত্র ও গুলি উদ্ধার
সর্বশেষ গত ২২ মে রাত সাড়ে ৯ টার দিকে রাজু আরও দুই লাখ টাকা দাবি করে। অবশেষে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানিয়ে গত সোমবার (১৭ জুন) থানায় এজাহার দায়ের করেন।
থানার পরিদর্শক (তদন্ত) এস.এম আজিজুর রহমান বলেন, থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি ল্যাপটপটি উদ্ধার করেছে। তিনি আরও জানান, মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/অনি
