রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সুলতানাকে মানসিক নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর তার কার্যালয়ে এই তদন্ত কমিটি করে দেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম খানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা হলের গৃহ শিক্ষক প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনিকৃষ্ণ মহন্ত এবং সহকারী প্রক্টর ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইকা কবীর নিতু।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে কাজী সুমাইয়া আক্তার নামের ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে একই হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার এক সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাজী সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ৫০১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। অভিযুক্ত স্মৃতি রায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগী নুরুন্নাহার দোলন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
