পাওয়ার প্লে'তে টাইগারদের আঁটসাঁট বোলিং

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৭:০৯

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে পুঁজি মাত্র ২০৯ রান। সেই পুঁজিতেই বোলিংয়ের শুরুটা দুর্দান্ত বাংলাদেশের। প্রথম ওভারেই ইংলিশ শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। সেই আঘাত সামলে ধীরগতিতেই এগোতে ছিলো থ্রি লায়নসরা। নবম ওভারে এসে টাইগারদের দ্বিতীয় উইকেট এনে দেন তাইজুল। পাওয়ার প্লে'র ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছিলো টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের আশা দেখালেও তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। এক নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ভর করে ইংল্যান্ডকে ২১০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। 

বোলিংয়ে নেমে প্রথম অভারেই অধিনায়ক তামিম ভরসা করেন সাকিবের ওপর। সেই ভরসার প্রতিদান দিতে একটুও ভুল করেননি বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম তিন বল ডট দেওয়ার পর চতুর্থ বলে সাকিব বাউন্ডারি হজম করেন রয়ের কাছে। পরের বলটি ডট দিয়ে ওভারের শেষ বলে বাংলাদেশকে উল্লাসের উপলক্ষ এনে দেন সাকিব। 

সাকিবের বলে চিপ করতে গিয়ে এজড হয়ে রয় বল তুলে দেন মিড-অফের ওপরে। সেখানে দাঁড়িয়ে থাকা তামিম কিছুটা বাঁ দিকে ছুটে এসে তালুবন্দী করেন সেই ক্যাচ।

প্রথম অভারেই উইকেট হারিয়ে অনেকটা খোলসে ঢুকে যায় ইংলিশ ব্যাটাররা। ৫ ওভার শেষে মাত্র ১৩ রান ওঠে ইংল্যান্ডের। প্রথম ওভারে রয়ের এক বাউন্ডারি ছাড়া আর কোনো বাউন্ডারি নেই প্রথম পাঁচ ওভারে। ষষ্ঠ ওভারে এসে তাসকিনের বল বাউন্ডারি ছাড়া করেন সল্ট।

সপ্তম ওভারে মারমুখী হয়ে ওঠেন ডেভিড মালানও। তাইজুলকে ছক্কা আর পরের ওভারে মিরাজকে চার মারেন মালান। 

নবম ওভারে এসে বাংলাদেশকে আবারও সাফল্য এনে দেন তাইজুল। ওভারের প্রথম বলেই সল্টের স্ট্যাম্প ভেঙে টাইগার শিবিরকে উল্লাসে মাতান দীর্ঘদিন পর ওয়ানডেতে ফেরা এই স্পিনার। 

পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলতে পারে ইংলিশরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ বলে ২০ রান নিয়ে ক্রিজে আছেন ডেভিড মালান। তার সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন জেমস ভিন্স। 

ইত্তেফাক/এসএস