তাইজুলের জোড়ার পর তাসকিনের আঘাত, চাপে ইংলিশরা

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৯:২৮

স্বল্প রানের পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। ইংলিশদের ২১০ রানের টার্গেট দিয়ে প্রথম ওভারেই উইকেট তুলে নেনে সাকিব। এরপর তাইজুলের দুই উইকেটের সঙ্গে ইংলিশদের টপ-অর্ডারে আঘাত হানেন তাসকিন আহমেদও। ৬৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে ইংলিশ ব্যাটাররা। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছিলো টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের আশা দেখালেও তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। এক নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ভর করে ইংল্যান্ডকে ২১০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। 

বোলিংয়ে নেমে প্রথম অভারেই অধিনায়ক তামিম ভরসা করেন সাকিবের ওপর। সেই ভরসার প্রতিদান দিতে একটুও ভুল করেননি বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম তিন বল ডট দেওয়ার পর চতুর্থ বলে সাকিব বাউন্ডারি হজম করেন রয়ের কাছে। পরের বলটি ডট দিয়ে ওভারের শেষ বলে বাংলাদেশকে উল্লাসের উপলক্ষ এনে দেন সাকিব। 

সাকিবের বলে চিপ করতে গিয়ে এজড হয়ে রয় বল তুলে দেন মিড-অফের ওপরে। সেখানে দাঁড়িয়ে থাকা তামিম কিছুটা বাঁ দিকে ছুটে এসে তালুবন্দী করেন সেই ক্যাচ।

প্রথম অভারেই উইকেট হারিয়ে অনেকটা খোলসে ঢুকে যায় ইংলিশ ব্যাটাররা। ৫ ওভার শেষে মাত্র ১৩ রান ওঠে ইংল্যান্ডের। প্রথম ওভারে রয়ের এক বাউন্ডারি ছাড়া আর কোনো বাউন্ডারি নেই প্রথম পাঁচ ওভারে। ষষ্ঠ ওভারে এসে তাসকিনের বল বাউন্ডারি ছাড়া করেন সল্ট।

সপ্তম ওভারে মারমুখী হয়ে ওঠেন ডেভিড মালানও। তাইজুলকে ছক্কা আর পরের ওভারে মিরাজকে চার মারেন মালান।  নবম ওভারে এসে বাংলাদেশকে আবারও সাফল্য এনে দেন তাইজুল। ওভারের প্রথম বলেই সল্টের স্ট্যাম্প ভেঙে টাইগার শিবিরকে উল্লাসে মাতান দীর্ঘদিন পর ওয়ানডেতে ফেরা এই স্পিনার। 

পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলতে পারে ইংলিশরা। ১১তম অভারেই আবার বোলিংয়ে এসে ভিন্সের এক চারে ৭ রান হজম করেন তাইজুল। নিজের পরের ভারেই ফের বাংলাদেশকে উল্লাসে মাতান এই স্পিনারই। ১৩তম ওভারের দ্বিতীয় বলটি বেরিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন ভিন্স। উইকেটের  পেছনে দারুন এক স্ট্যাম্পিং করে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন মুশফিক।

তাইজুলের দুই উইকেটের পর চাপে পড়ে যায় ইংলিশরা। ৩ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৪৫ রান। ইংলিশ অধিনায়ক জস বাটলার উইকেটে এসে মালানের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেছিলেন। তাইজুল আর মিরাজের ওপর মারমুখীও হতে চেয়েছিলেন দুজন।

১৭তম ওভারে তামিম বোলিংয়ে আনেন তাসকিন আহমেদকে। বোলিংয়ে এসে প্রথম বলেই বিপদজনক বাটলারকে ফেরান তাসকিন। তাসকিনের লাফিয়ে ওঠা বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর তালুবন্দী হয়ে ৯ রানেই সাজঘরে ফেরেন বাটলার। ৬৫ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারী দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৬ রান। ৫৬ বলে ৩৩ রান নিয়ে ক্রিজে আছেন ডেভিড মালান, তার সঙ্গী হিসেবে রয়েছেন অভিষিক্ত উইল জ্যাকস।

ইত্তেফাক/এসএস