হাঁস পালনে দিন ফিরেছে দীনেশের

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৩৯

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

হাঁস পালনে দিন ফিরেছে সৈয়দপুরের বাঙালিপুর ইউনিয়নের চৌমহনী এলাকার ভূমিহীন দীনেশ চন্দ্র রায়ের। দীনেশ চন্দ্র রায় জানান, ১৫ বছর আগে তিনি সনাতন পদ্ধতিতে হাঁস পালন শুরু করেন। এতে দীঘি, নালা ও জলাশয় খুব প্রয়োজন। কিন্তু তিনি তো ভূমিহীন। আর তাই এগিয়ে আসেন এক প্রতিবেশী। তারই জলাশয় ব্যবহারের অনুমতি পেলেন। পরে অবশ্য আত্মীয়-স্বজনের কাছে ঋণ নিয়ে নওগাঁ থেকে একদিনের দুশ বাচ্চা সংগ্রহ করেন। এসব বাচ্চা লালন-পালনে তিন মাসে ডিম দেওয়া শুরু করে। প্রতিদিন ডিম আসে কমপক্ষে ১৫০টি। একটি হাঁস একনাগাড়ে তিন বছর পর্যন্ত ডিম দেয়। পরে ওই হাঁস বিক্রি করা হয় হাটে। দীনেশের হাঁসগুলো সারাদিন জলাশয়ে সাঁতার কাটে। এসব তদারকি ও পরিচর্যা করেন দীনেশ ও তার স্ত্রী মিনা রানি। তিনি জানান, সরকার গরিবদের জন্য অনেক কিছু করছেন। আমার মতো গরিবকে কিছু খাস জমি দেওয়া হলে পুকুর খনন করে হাঁসের চাষ করতাম। এতে নিজে উপকৃত হতাম এবং এলাকার মানুষের কর্মসংস্থান হতো।

বাঙালিপুর ইউপি চেয়ারম্যান প্রণোবেশ বাগচী বলেন, তাকে সরকারি  বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া প্রয়োজন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক জানান, দীনেশের হাঁস খামারটি পরিদর্শন করেছি। শূন্য হাতে হাঁসের খামার গড়ে তুলে দীনেশ দিন ফিরিয়েছেন।