আমতলী (বরগুনা) সংবাদদাতা
আমতলীর উত্তর তক্তাবুনিয়া গ্রামের দোয়েল তালুকদারের গলদা চিংড়ির ঘেরে শক্রতা করে মঙ্গলবার গভীর রাতে বিষ প্রয়োগ করা হয়েছে।
ঘেরের মালিক দোয়েল তালুকদার জানান, আমার আত্মীয়-স্বজন এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে গলদা চিংড়ির ঘের করি। এবছর মাছ বড় হওয়ায় ধরার উপযোগী হয়েছে। আর কয়েকদিন পরেই মাছ ধরার পরিকল্পনা ছিল। এর মধ্যেই ঘেরে বিষ প্রয়োগ করে আমার সর্বনাশ করেছে। বিষ প্রয়োগের ফলে আমার প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে গেছে। আমি এখন ধার-দেনা কিভাবে শোধ করবো সে চিন্তায় অস্থির।
আমতলী উপজেলা মত্স্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, দোয়েল তালুকদার বিষয়টি আমাকে জানিয়েছে এবং কিছু মরা মাছের নমুনা দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখবো।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
