বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশের জোট জি-২০ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে উত্তাপ ছড়িয়েছে এক বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে বড় বড় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেন যুদ্ধ ইস্যুতে একমত হতে পারেননি। যদিও প্রায় সদস্য দেশই যুদ্ধের পরিবর্তে শান্তির পক্ষে অবস্থান নিয়েছে। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের আগে এই বৈঠক হলো। ২০ দেশের বাইরেও সভাপতি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশসহ কয়েকটি দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন।
সেপ্টেম্বরের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। এর আগে এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৈঠকে যোগ দিয়ে মোমেন বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে ভারত মধ্যস্থতা করতে পারে। একইসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিরসনেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারতীয় গণমাধ্যম উইওনকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে তিনি বলেন, একটি গুলি ছোঁড়া ছাড়াই আমরা সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছি।
ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা একটি ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতি বজায় রেখে চলেছি।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বৃহস্পতিবার নয়াদিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর-সহ ফ্রান্স, স্পেন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, সৌদি, তুরস্ক, যুক্তরাজ্য, মিশর ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।
