আশা টিকিয়ে রাখতে মাঠে নামছে টাইগার বাহিনী

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১০:৫৭

ঘরের মাঠে হার দিয়ে সিরিজ শুরু করেছে টিম বাংলাদেশ। সিরিজ জেতার আশা টিকিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই মুশফিক-তামিমদের। তাই ম্যাচ জয়ের মিশন নিয়েই শুক্রবার (৩ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগার বাহিনী। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

সিরিজের প্রথম ম্যাচ জিতে যাওয়ায় সফরকারী ইংল্যান্ডের নজর থাকবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার। আর টাইগারদের লক্ষ্য টিকে থাকার।

এদিকে, ম্যাচের আগের দিন অনুশীলনে মুশফিকের পাওয়া চোট চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। তবে এখনও তার খেলা নিয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

অন্যদিকে, জয় দিয়ে সিরিজ শুরু করায় বেশ নির্ভার বিশ্বচ্যাম্পিয়নরা। সিরিজে এগিয়ে যাওয়ায় দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামে ছিলো থ্রি-লায়নরা। সফরকারীদের মতো ম্যাচের আগের দিন অনুশীলন করেনি বাংলাদেশও।

ওয়ানডেতে এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবারও বেশ চাপে রয়েছে স্বাগতিকরা। তাই এদিন সিরিজ বাঁচাতে হলে সর্বোচ্চটা দিতে হবে সাকিব-তামিমদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম/শামিম পাটোয়েরী, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

ইত্তেফাক/আর/এসকে