বাংলাদেশ-ইংল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করছে ইংল্যান্ড। শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকে দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। দু'জন মিলে উদ্বোধনী জুটিতে ২৫ রান সংগ্রহ করে। এরপর বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ।
ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল শান্তকে ক্যাচ দেন ফিল সল্ট। মাটিতে পড়ার আগেই দারুণ দক্ষতায় বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ২৫ রানে ১৫ বলে ৭ রান করে আউট হন সল্ট।
সল্টের বিদায়ের পর ক্রিজে আসেন আগের ম্যাচের জয়ের নায়ক ডেভিড মালান। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
