বেলজিয়ামের এক নারী , নিজের পাঁচ সন্তানকে হত্যার ১৬ বছর পর স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। ওই নারীর অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) যন্ত্রণা মুক্তভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার তার আইনজীবী খবরটি নিশ্চিত করেছেন। খবর বিবিসি।
জেনেভিয়েভ লেরমিত নামের ওই নারী তার এক ছেলে ও ৪ কন্যাকে ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি হত্যা করে । নিজের সন্তানদের হত্যা করার পর, সে তার নিজের জীবন নেওয়ার চেষ্টাও করে। যদিও ব্যর্থ হয়। এরপর জরুরি সেবাতে সাহায্যের জন্য ফোন দেয়।
৫৬ বছর বয়সী এই নারী ২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়। এরপর তাকে ২০১৯ সালে মানসিক হাসপাতালে হস্তান্তর করা হয়। বেলজিয়ামের নীতি অনুযায়ী, সেই দেশের নাগরিকরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবে। যদি তারা অসহনীয় রকমের মানসিক বা শারীরিক যন্ত্রণায় ভুগে থাকেন।
তার আইনজীবী জানান, তার মক্কেল নির্দিষ্ট প্রক্রিয়াগুলো মেনে স্বেচ্ছামৃত্যুর অনুমতি পেয়েছেন।
সাইকোলজিস্ট এমিলি মারোইট দেশটির একটি গণমাধ্যমকে জানায়, লেরমিত সম্ভবত ২৮ ফেব্রুয়ারিকে "তার সন্তানদের প্রতি সম্মান" জনানোর জন্য মৃত্যুর দিন হিসেবে বেছে নিয়েছিলেন।
২০২২ এ দেশটিতে ২,৯৬৬ জন মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, যা ২০২১ সালের তুলনায় ১০% বেশি ছিল।
