কক্সবাজারের চকরিয়ায় বাদাম ক্ষেত খাওয়ায় নিয়ে সংঘর্ষে ছাগল মালিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহত গৃহবধূ কুলছুমা বেগম (৪০) সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ওই ওয়ার্ডের নুর মোহাম্মদের স্ত্রী ও পাঁচ সন্তানের জননী।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, শুক্রবার কোনো এক সময় মো. জকরিয়ার পরিত্যক্ত বাদাম ক্ষেতের গাছ ও পাতা খায় কুলছুমা বেগমের পালিত ছাগল। এ নিয়ে বাকবিতণ্ডা হলে বিকেলে ঘটনাটি মীমাংসা করে দিলেও পাশাপাশি দুই পরিবার সদস্যদের রাত সাড়ে ৯টার দিকে লাঠিসোটা ও দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় ঘটনাস্থলে কুলছুমা বেগম মারা যান। এতে কয়েকজন আহতও হন।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনা শুনে রাতেই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সদর থেকে দূরবর্তী দূর্গম এলাকা হওয়ায় পুলিশ পৌঁছাতে একটু দেরি হচ্ছে। কী নিয়ে সংঘর্ষ ও খুন হয়েছে খোঁজ নিয়ে জানানো হবে।
