জয় অসম্ভব নয় :মাশরাফি

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৪৩

স্পোর্টস রিপোর্টার, নটিংহ্যাম (ইংল্যান্ড) থেকে

লড়াই করে যাবে বাংলাদেশ। হয়তো এই লড়াইয়ে সবসময় বিজয় আসবে না। তবু অন্তত এতটুকু বার্তা ছড়িয়ে দেয়া যাবে যে, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ আর আগের অবস্থানে নেই। তারা এখন লড়াই করতে জানে। শ্বাসরুদ্ধকর ম্যাচে বড় বড় প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারে।

আজ ট্রেন্টব্রিজে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ জিততে পারে বলে আশাবাদী অধিনায়ক মাশরাফি। নিউজিল্যান্ড, ইংল্যান্ডের সঙ্গে পরাজয় এবং শ্রীলংকার সাথে পয়েন্ট ভাগাভাগির কারণে এই টুর্নামেন্টে অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে সেসব শুধুই অতীত। আগে কি হয়েছে সেটা নিয়ে ভাবার প্রয়োজন মনে করেন না অধিনায়ক।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে অন্য এক আত্মবিশ্বাসী মাশরাফিকে কাল পাওয়া গেল ট্রেন্ট ব্রিজে। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘এখন সামনের দিকে তাকাতে চাই। এটা একটা টুর্নামেন্ট। সবাই এখানে ভাল খেলতে চায়। জিততে চায়। আমরা একসময় যা ছিলাম তার চেয়ে এখন আমরা অনেক বেটার একটা টিম। নিজেদের প্রমাণ করার জন্য এটাই হচ্ছে ভাল সময়। আর দেশের জন্য খেলতে পারাটা তার চেয়েও অনেক বড় একটা বিষয়। হতে পারে কাজটা কঠিন (অস্ট্রেলিয়াকে হারানো)। কিন্তু অসম্ভব কিছু নয়। ড্রেসিং রুমে আমরা সবাই বিশ্বাস করি যে আমরা যে কাউকে হারাতে পারি। অস্ট্রেলিয়ার সঙ্গে কাজটা হয়তো ততটা সহজ নাও হতে পারে। বিশেষ করে এখানকার কন্ডিশন এবং তারা (অস্ট্রেলিয়া) যে ফর্মে রয়েছে, সব মিলিয়ে বিষয়টা কঠিন। তবে শুরুটা যদি ভালভাবে করতে পারি আশা করি আমরা পারবো।’

মাশরাফি বলছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা নিয়ে আলোচনার এটা সঠিক জায়গা নয়, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলা তেমন একটা হয় না। টেস্ট খেলুড়ে জাতি হিসেবে বাংলাদেশের জন্য বিষয়টা খুব স্বস্তিদায়ক না। এমন না যে আমরা কাল জেতার পরই অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলার দিনক্ষণ ঠিক করা হবে। তবে আমি মনে করি এটা নিয়ে উভয় বোর্ড আলোচনা করতে পারে। এটা নিয়ে আমাদের খেলোয়াড়রাও ভাবছে না। আমাদের ভাবনায় শুধু কালকের ম্যাচ। আমাদেরকে বিশ্বকাপে টিকে থাকতে হবে। বিশ্বকে দেখাতে হবে যে আমরা আগের চেয়ে অনেক ভাল একটা টিম।’

মাশরাফি জানালেন, ‘অস্ট্রেলিয়া ম্যাচের আগে সবাই খুব ভাল মুডে আছে। সবাই শারীরিকভাবে ফিট আছে। আমরা কাল একটি ভাল ম্যাচ আশা করছি।’

বাংলাদেশ সাকিব নির্ভর দল নয় বলে মনে করেন মাশরাফি। তার মতে, ‘সাকিব একজন অসাধারণ মেধাবী ক্রিকেটার। খুবই আত্মবিশ্বাসী। সে যেভাবে খেলছে তাকে আমাদের আরো সহযোগিতা করা উচিত। তবে অন্যরাও দলের জন্য অবদান রাখছে। সাকিবের পাশাপাশি লিটন একটা ভাল ইনিংস খেলেছে। একটা ভাল শুরু করতে তামিম অবদান রেখেছে। সৌম্য ভাল করছে। অস্ট্রেলিয়ার সঙ্গেও সবাই ভাল করবে। এটা ব্যাটিং উইকেট। তবে আমার মনে হয় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে আটকে রাখতে বোলাররাও ভাল করবে।’ অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে হলে সব বিভাগেই বাংলাদেশকে ভাল খেলতে হবে বলে মনে করেন মাশরাফি। বলেন, ‘একটা বিভাগে ভাল করি আর দুইটাতে না করি সেরকমভাবে ওদের সঙ্গে জেতা সম্ভব না। অস্ট্রেলিয়া ৭০ ভাগ খেললে আমাদেরকে শতভাগ খেলতে হবে।’