স্পোর্টস ডেস্ক
বুড়ো আঙুলের ইনজুরি সেরে না ওঠায় বিশ্বকাপে আর খেলা হচ্ছে না শিখর ধাওয়ানের। তার পরিবর্তে অনুমিত ভাবেই ডাকা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্ত।
৩৩ বছর বয়সী ধাওয়ান গেল নয় জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান। সেই ইনজুরির পরও তিনি সেই ম্যাচে সেঞ্চুরি করেন, ম্যাচ সেরা নির্বাচিত হন। যদিও, ম্যাচ শেষে স্ক্যানের পর তার আঙুলের হাড়ে ফাটল ধরা পরে। শুরুতে জানা যায়, তিনটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এবার জানা গেল আগামী ২৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ তো বটেই, ৩০ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মহা-গুরুত্বপূর্ণ ম্যাচেও থাকবেন না ধাওয়ান। তাই আর তাকে নিয়ে কোনো আশা করছে না টিম ম্যানেজমেন্ট।
বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ধাওয়ানের বিশ্বকাপে আর না খেলার ব্যাপারটা নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, ‘বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে, আগামী জুলাইয়ের মাঝামাঝির আগে ধাওয়ানের ইনজুরি সারিয়ে তোলার কোনো উপায় নেই। ফলে, বিশ্বকাপের বাকিটা সময় ওর না খেলাটা নিশ্চিত।’
ধাওয়ানের বিকল্প হিসেবে পান্তকে আগেই ভারত থেকে ইংল্যান্ডে উড়িয়ে এনেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই, ধাওয়ানের বাদ পড়া নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ২১ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী ২২ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। বিরাট কোহলির দল এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে। চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে।
