বরিশালে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৬:২১

বরিশালের হিজলায় বিদেশি পিস্তল, ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও গিয়ার চাকুসহ এক যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার ৩ (মার্চ) গভীর রাতে ওই অস্ত্র দিয়ে স্ত্রীকে ভয় দেখানোর সময় তাকে আটক করা হয়। আটক কামাল হোসেন (৩২) উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জলিল সরদারের ছেলে। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকায় থাকতেন।
 
উপজেলার মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন জানান, ইউপির বাদুরী গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন কামাল। স্ত্রী 'পরকীয়া' প্রেমে জড়িত রয়েছে সন্দেহ করে ঝগড়া করেন তিনি। রাত একটার দিকে সে প্রথমে চাইনিজ গিয়ার চাকু বের করে আত্মহত্যার হুমকি দেয়। পরে বিদেশি পিস্তল বের করেন। তখন কামালের শ্বশুর আমাকে বিষয়টি জানায়। আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কামলকে আটকে রাখি।

চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন আরও জানান, সকালে ওসিকে জানালে পুলিশ পাঠানো হয়। তারা কামালকে আটক করেছে। উদ্ধার করেছে পিস্তল, গুলি ও চাকু। কামাল টঙ্গী এলাকায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। স্ত্রীকে নিয়ে সেখানে থাকতেন। তবে তাদের মধ্যে দাম্পত্য কলহ হওয়ায় বাড়িতে অস্ত্র নিয়ে এসেছে। ওই অস্ত্র সে কুড়িয়ে পেয়েছে বলে জানিয়েছেন।

হিজলা থানা পুলিশের ওসি ইউনুস মিয়া বলেন, বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও গিয়ার চাকু উদ্ধারের ঘটনায় এসআই ইদ্রিস আলী বাদী হয়ে মামলা করেছেন। অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলায় একমাত্র কামালকে আসামি করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আর/কেকে