তার পরও স্টয়নিসের খেলা নিশ্চিত নয়

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৪৪

স্পোর্টস রিপোর্টার

ভারতের বিপক্ষে ম্যাচেই সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন মার্কাস স্টয়নিস। তারপর এক সপ্তাহে পুরো বিশ্রামে ছিলেন তিনি। খেলতে পারেননি পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ। আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও স্টয়নিসের খেলা নিশ্চিত নয়। তবে পূর্ণ ফিটনেস ফিরে পেতে লড়ছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। অবশ্য বোলিং শুরু করেছেন তিনি। এমনটাই বলেছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

অবশ্য তার বদলি হিসেবে ইতোমধ্যে মিচেল মার্শকে উড়িয়ে এনেছে অস্ট্রেলিয়া। মার্শ নর্দাম্পটনে অস্ট্রেলিয়া ‘এ’ দলে যোগ দিবেন। এদিকে গতকাল নেটে বোলিং করেছেন স্টয়নিস। ট্রেন্ট ব্রিজে আজ বাংলাদেশের বিরুদ্ধে একাদশে সুযোগ পেতে চেষ্টা করছেন তিনি। বিশ্বকাপে তিন ম্যাচে চার উইকেট ও ১৯ রান করেছেন এই অলরাউন্ডার।

ল্যাঙ্গার বলেছেন, বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে স্টয়নিসের। তবে বিষয়টা নিশ্চিত করেননি তিনি। গতকাল অজি কোচ বলেছেন, ‘ফিট হওয়ার জন্য সবকিছুই করছে সে (স্টয়নিস)। সে যে কোনো কিছুর সুযোগ হারাতে চাইবে না। সে সংকল্পবদ্ধ, এখন সে যেখানে আছে এটা আমাকে অবাক করেনি। এখানে তাকে কৃতিত্ব দিতে হবে, কৃতিত্ব দিতে হবে মেডিক্যাল স্টাফদের যারা তাকে ফিট হতে সাহায্য করছে। তাই আশা করি সে এই টুর্নামেন্টে সত্যিকারের প্রভাব ফেলতে পারবে।’

ল্যাঙ্গার এটাও নিশ্চিত করেছে ম্যাচ খেলার জন্য প্রস্তুত ন্যাথান কোল্টার-নাইল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে কিছুটা আঘাত পাওয়ার পর থেকে বিশ্রামে আছেন তিনি। ল্যাঙ্গার বলেছেন, ‘সে (কোল্টার-নাইল) সাত দিনে তিনটা ম্যাচ খেলেছে। আমার মনে হয় না এমনটা সে অনেকদিন ধরে করছে। সে এখন ফিট এবং নিশ্চিতভাবেই পরের ম্যাচ খেলার জন্য ফিট।’ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। পাঁচ ম্যাচে ৪টি জয়ে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল অ্যারন ফিঞ্চের দল।