রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাহেদকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ছুরিকাঘাতের ঘটনায় বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মাসুদ পারভেজ।
ওসি বলেন, গতকালের ঘটনার পর নগরীর বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত ছিল। অভিযানকালে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে। বিষয়টির সঙ্গে যদি তারা যুক্ত থাকেন অতিদ্রুত তাদের বিচারের আওতায় আনা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুস সালাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যেহেতু আমরা তাদের নাম পরিচয় জানি না তাই তাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি। এখন পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন জাহেদ। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়।
