বিপর্যস্ত বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
দুই বছর আগে ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। একই দেশে চলমান বিশ্বকাপে পাকিস্তানের অবস্থা পুরোই হযবরল। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৩। হেরেছে তিনটি ম্যাচ। প্রতিপক্ষের কাছে পাত্তাই পাচ্ছে না সরফরাজ আহমেদের দল। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৮৯ রানে হেরেছিল তারা।
সেমিফাইনালে খেলার আশাও ফিকে হয়ে আসছে। সরফরাজ বাহিনীর এমন লেজেগোবরে পারফরম্যান্সে পাকিস্তানজুড়ে চলছে সমালোচনার ঝড়। সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষকরা কঠিন ভাষায় সমালোচনার তীরে বিদ্ধ করছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ড, দলের হেড কোচ, অধিনায়ক, খেলোয়াড়, নির্বাচকসহ দল সংশ্লিষ্ট সবাইকে।
গণমাধ্যমে ওঠে আসছে অনেক গল্প। দলে বিভক্তি, অন্তর্কলহ, বিশৃঙ্খলতার খবর ছড়াচ্ছে। ভারতের কাছে হারের পর দলের পারফরম্যান্সে হতাশ হয়ে এক সমর্থক তো গুরজানওয়ালা সিভিল কোর্টে একটি পিটিশনই দায়ের করে ফেলেছেন। যেখানে তিনি পাকিস্তান দল, নির্বাচক কমিটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
সামা নিউজ চ্যানেলে প্রকাশিত রিপোর্টে পিটিশন দায়ের করা ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। এ পিটিশনের কারণে পাঞ্জাবের গুরজানওয়ালা সিভিল কোর্ট থেকে সমন জারি করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
এদিকে জিও নিউজ রিপোর্ট করেছে, গতকালই লাহোরে পিসিবির গভর্নিং বডির সভা হওয়ার কথা। যেখানে টিম ম্যানেজমেন্টে বড়োসড়ো পরিবর্তনের সিদ্ধান্ত আসতে পারে। লন্ডন থেকে পাওয়া বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, হেড কোচ মিকি আর্থার, ম্যানেজার তালাত আলী, বোলিং কোচ আজহার মাহমুদ এবং পুরো নির্বাচক কমিটি বাতিল হতে পারে। আর্থারের সঙ্গে আর চুক্তি নবায়ন করার কোনো সম্ভাবনা নেই। সমালোচনার মাত্রা উসকে দিচ্ছে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ম্যানচেষ্টারের এক সিসা পানশালায় পাকিস্তানের চার ক্রিকেটারের মাঝ রাত অব্দি থাকার ঘটনা। শোয়েব মালিক, তার স্ত্রী সানিয়া মির্জাসহ ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম ও ইমাম উল হক ছিলেন সেখানে। রাত ২টা পর্যন্ত নাকি তারা ওই পানশালায় অবস্থান করেছেন।
পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার ইন্তিখাব আলম বলেছেন, এ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা উচিত পিসিবির। ঘটনার ব্যাখ্যায় পিসিবি বলেছে, এটি ভারতের বিরুদ্ধে ম্যাচের কয়েকদিন আগের ঘটনা। ঠিক ম্যাচের আগের দিনই নয়। শোয়েব মালিকও টুইট করে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিও ১৫ জুন নয়, ১৩ জুন রাতের।
শৃঙ্খলার প্রতি কঠোর হওয়া থাকা উচিত জানিয়ে ইন্তিখাব আলম পাকিস্তানের দৈনিক ডনকে বলেছেন, ‘রাত ১১টা পর্যন্ত খেলোয়াড়রা যে কোনো হোটেলে ডিনার করতে পারেন। তার পরে নয়। পিসিবির উচিত তদন্ত করে এ ক্রিকেটারদের শাস্তি দেওয়া।’
