ঘরের মাঠে সাত বছর পর ওয়ানডে সিরিজ হার। তিন ম্যাচের সিরিজ খেলতে এসে ইংল্যান্ড যেন বাংলাদেশকে বিশাল একটা ধাক্কাই দিয়ে গেলো। এখন সামনে তো হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নেমেছে ঘরের মাঠে ধবল ধোলাইয়ের লজ্জা এড়াতে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১২ টায় ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ টাইগার একাদশে এসেছে এক পরিবর্তন। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে আজ একাদশে জায়গা দেওয়া হয়েছে এবাদত হোসেনকে। আগের দুই ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স না করলেও তৃতীয় ওয়ানডেতে একাদশে রয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।
বিপিএলে সাড়া জাগানো তোউহিদ হৃদয় দলে দাক পেলেও এই সিরিজে আর ওয়ানডে অভিষেক হলো না। আজ শেষ ম্যাচেও সাইড বেঞ্চে বসেই কাটাতে হবে তাকে।
অন্যদিকে, আঘের দুই ম্যাচ জিতে আজ অনেকটা নির্ভার হয়েই মাঠে নামছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে অভিষেক হওয়া উইল জ্যাকের ইনজুরির কারণে আজ ইংলিশদের হয়ে অভিষেক হতে যাচ্ছে আরেক অলরাউন্ডার রেহান আহমেদের।
এছাড়া আজ ইংলিশরা বিশ্রাম দিয়েছে সাকিব মাহমুদ আর মার্ক উডকে। এই দুজনের জায়গায় আজ একাদশে ফিরেছেন ক্রিস ওকস এবং জোফরা আরচার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারান, মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।
