পাওয়ার প্লে'তে বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৩:৫৫

হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিং নিয়েছিলো বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তবে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা তো করতে পারেইনি, উল্টো বিপদে পড়েছে বাংলাদেশই। প্রথম তিন ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছেন দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস। পাওয়ার প্লে'র ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ  ২ উইকেটে ৩৪ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ১২টায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। এই নিয়ে সিরিজের তিন ম্যাচেই টস জিতলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। হোয়াইট ওয়াশ এড়াতে এই ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে বোলিংয়ের আমন্ত্রণ জানালেন চট্টগ্রামেরই সন্তান তামিম।

তবে ব্যাটিংয়ে নেমেই যেন দুর্দশা টের পেলেন তামিম। স্যাম কারানের বোলিং তোপে তিন ওভারের মধ্যেই প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছে দুই টাইগার ওপেনারকে। 

টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন এই মুহুর্তে টাইগারদের সেরা ব্যাটার লিটন দাস। স্যাম কারানের করা ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। 

এক ওভার বাদ দিয়ে তৃতীয় ওভারে এসে ফিরে যান টাইগার অধিনায়ক তামিম ইকবালও। স্যাম কারানের বলে জেমস ভিঞ্চের হাতে ক্যাচ দিয়ে ৬ বলে ১১ রান করেই ফিরে যান তামিম। ১৭ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম মিলে ধীরে ধীরে ইনিংস মেরামতের কাজ করে যাচ্ছেন। শুরুর ধাক্কা সামলে পাওয়ার প্লে'তে আর কোনো উইকেটের পতন হতে দেননি এই দুই ব্যাটার। তবে তাদের রান তোলার গতি একেবারেই মন্থর।

এই প্রতিবেদন লেকাহ পর্যন্ত পাওয়ার প্লে'র নির্ধারিত ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। ২৬ বলে মাত্র ৮ রান নিয়ে ব্যাটিং করছেন শান্ত আর ২৫ বলে ১৩ রান নিয়ে ক্রিজে আছে মুশফিক। 

ইত্তেফাক/এসএস