নুরকে পলাতক দেখিয়ে অভিযোপত্র

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৫:৫৪

ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ডিবি পুলিশ।

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন। 

তিনি আরও জানান, অভিযোগপত্রে নুরকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। 

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেন, আসামি নুরুল হক নুর ২০২১ সালের ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দেন। যার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে। তিনি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা অবনতি, বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করাসহ অস্থিরতা ও বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেন। এদিকে মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছে সিএমএম আদালত। মামলার পরবর্তী বিচার সংশ্লিষ্ট আদালতে অনুষ্ঠিত হবে।

২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন রাজধানীর পল্টন থানায় মামলা করেন।

ইত্তেফাক/এএএম