আমাদের দেশে চাকরির আবেদনসহ বিভিন্ন অফিসিয়াল কাজ করতে গিয়ে সনদপত্র, ছবি ও বিভিন্ন কাগজপত্র একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করতে হয়। আর এজন্য সংশিষ্ট ব্যক্তি যে হয়রানি ও নির্যাতনের শিকার হন তা অবর্ণনীয়। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে এটা কেমন প্রথা? বর্তমানে কারো সনদ যাচাই করতে চাইলে যেখানে মুহূর্তের মধ্যে সংশিষ্ট ওয়েবসাইট থেকে যাচাই করা যায়, সেখানে কেন দেশের একজন নাগরিককে সনদপত্র সত্যায়িত করার জন্য একজন সরকারি কর্মকর্তার কাছে ধরনা দিতে হবে? সত্যায়ন করতে হলে সংশিষ্ট ব্যক্তিকে উপজেলায় কোনো একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার কাছে যেতে হয়। এক্ষেত্রে সবচেয়ে কষ্ট ভোগ করেন নারীরা অথবা সেইসব ব্যক্তি যাঁদের বাসা উপজেলা থেকে অনেক দূরে অথবা দুর্গম অঞ্চলে। অনেক সরকারি কর্মকর্তা সত্যায়ন করতে চান না, আবার অনেকে সত্যায়ন করতে আসা ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করেন। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ এই যে, বিজ্ঞান ও প্রযুক্তির চরম উত্কর্ষের এই যুগে সত্যায়ন করার মতো সিস্টেম বাতিল করা হোক।
মো. মাহফিজুর রহমান মামুন
সহকারী শিক্ষক, ভীমদামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝলঝলি, তেপুকুরীয়া, বোদা, পঞ্চগড়
