ছবিতে ‘ব্রাত্যজন’-এর কথা

আপডেট : ১৯ জুন ২০১৯, ২২:০৪

বাংলাদেশে এমন অনেক জাতিসত্তা ও জনগোষ্ঠী আছে যারা বংশপরম্পরায় শত শত বছর ধরে এমনকি হাজার বছর ধরে বৈষম্য, শোষণ এবং বিচ্ছিন্নতার শিকার। এর প্রধান কারণ বিশ্বাস-অবিশ্বাস, জাতিগত পরিচয়, দাসত্ব, পেশা, জাতিভেদ প্রথা, সংস্কৃতি, ঘৃণা, ভৌগোলিক অবস্থান। সামাজিকভাবে বাদ পড়া, পিছিয়ে পড়া মানুষকে নিয়ে রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘ব্রাত্যজন’। লেখক, গবেষক ফিলিপ গাইনের ছবিতে ধরা পড়েছে এই মানুষের জীবন, দুঃখ, অপমান, সংগ্রাম এবং আনন্দের মুহূর্তগুলো। সেখান থেকে প্রায় ১৫০টি ছবি নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী।

প্রদর্শনীতে উঠে এসেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, চা শ্রমিক, বেদে, কায়পুত্র, যৌনকর্মী, ঋষি, হরিজন, জলদাস এবং বিহারি জনগোষ্ঠীর জীবন। উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশ নজর কাড়লেও উন্নয়নের দৌড়ে এই মানুষ অনেকটা পিছিয়ে রয়েছে।

গতকাল বুধবার বিকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক হোসেন জিল্লুর রহমান, সাহিত্যিক হরিশংকর জলদাস,  দৃকের পরিচালক আলোকচিত্রী শহিদুল আলম প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদর্শনীর আলোকচিত্রী ফিলিপ গাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন। প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।